উমাপদ কর-এর তিনটি কবিতা

umapada kar

তোমাদের পাড়ায় বেড়াল এসেছে,
আমাদের পাড়ায় এসেছে বেড়ালতপস্বী—
কারা বেশি নিরক্ষীয় অঞ্চলে!

আমাদের পাড়ায় এক ডজন মানুষ
তপস্বীর সঙ্গে ঘোরে রাত্রি-দিন;
খায়-দায়, ঘুমোয়, জুটলে রমণী।

তোমাদের পাড়ায় একজনও কি নেই—
বৃষ্টির ঝাপটার মধ্যে বেড়ালটাকে
একটু আড়াল দেবে? আদর…

তোমাদের পাড়ার সঙ্গে আমাদের পাড়ার
ফুটবল ম্যাচ;
কে জিতবে সবাই জানে, শুধু তপস্বী বসে-বসে
লেজ নাড়ে…

ঘর খুঁজছে দ্রোহীর আনাচ-কানাচ;
দ্রোহী ঘরের মধ্যে চোরা কোনো কুঠুরি।

কুটিরে থাকে রাত, তার কুঠুরিতে দিন;
দিন-দিন আলোর স্বাদ পানসে, মিঠি আন্ধার।

শীত আসাটা শহরের কাঠ বোঝে কম্বল-বিতরণে,
বসন্ত যে কখনো-সখনো গ্রামে এসেই পড়ে—
ভুল জায়গা! শান্তিনিকেতনের দিকে যাবে!

বড়ো গ্রামের ভেতরে এক শহর,
কুটিরের মধ্যে কুঠুরি, দ্রোহী নিরুদ্দেশ
চোদ্দ বছর; অন্ধকার উত্তেজিত, আলোর খোঁজে…

ঘুম ভাঙলেই জেগে গেলাম—
ব্যাপারটা তেমন কচিকাঁচা নয়—
ঘোর ভাঙতে চোখে জলঝাপটা,
মাথায় গোটাকয় ঝক্কাস ঝাঁকুনি।

এই সময়টায় জিজ্ঞাসাদের লাইনে
উত্তেজনা; দরজা খুলছে, হুঁশ আসে—
বাবার নাম কী? মায়ের জন্ম কবে?
এখনো বেঁচে? যা ব্বাবা, ২০০২ সালে?

আবার ঘুম এসে পড়তে পারে—
পাহাড়িমেঘ, কুয়াশামাখা স্মৃতি,
সতত সুখের বলে চালানো হচ্ছে…
ঘুম ভাঙলেই জেগে গেলাম।

ব্যাপারটা এত সোজা নয়, SIR স্যার!


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top