রক্তের দামে স্বাধীনতা- এক বিপ্লবী বিপণনের মাস্টারস্ট্রোক

netaji

এত শব্দ, এত চিৎকার—তবু কি নিদারুণ দৈন্য।স্বাধীনতার শেষ লগ্নে দাঁড়িয়ে ভারতবর্ষে স্বাধীনতার দাবিতে স্লোগানে স্লোগানে ভরে উঠেছিল, কিন্তু সাহসে নয়। চারদিকে তখন শ্লোগানের ভিড়। গান্ধীবাদ নৈতিকতার ভাষায় মানুষকে ডাকছে, বামপন্থা ইতিহাসের অনিবার্যতার কথা শোনাচ্ছে, বিপ্লবীরা আত্মত্যাগের রোমান্সে আগুন ধরাচ্ছে, আর জাতীয়তাবাদ আবেগে দেশকে দেবতার আসনে বসাচ্ছে। প্রত্যেকেই কথা বলছে, প্রত্যেকেই ডাক দিচ্ছে। কিন্তু সেই ডাকার ভেতরে কোথাও যেন একটা শূন্যতা রয়ে যাচ্ছে—কেউই স্পষ্ট করে বলছে না, এই স্বাধীনতার দামটা ঠিক কত।

একই শ্লোগানে নানা গন্ধ—
তুমি কোথায় ছিলে, অনন্য?
— মৌসুমি ভৌমিক

এই প্রশ্নটাই আমাদের ফিরিয়ে নিয়ে যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই সন্ধিক্ষণে, যেখানে অসংখ্য মত, তত্ত্ব আর আহ্বানের ভিড়ে দাঁড়িয়ে ছিল এক অস্বস্তিকর সত্য—যে জাতি নিজের অধিকারের দাম দিতে শেখে না, তার স্বাধীনতাও শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়।এই ভিড়ের মাঝখানেই সুভাষচন্দ্র বসুর সেই অমোঘ উচ্চারণ—“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”

এই কথার মধ্যে কোনও জটিল দর্শন নেই,নেই কোনও নৈতিকতার সাজ , নেই কোনো ভবিষ্যতের রঙিন স্বপ্নের ফানুস। আছে কেবল সোজাসাপটা হিসেব—দান প্রতিদান আর বিনিময় এর গল্প। এখানে বলা হচ্ছে, স্বাধীনতা চাইলে তার মূল্য দিতেই হবে। কোনও ঘুরপথ নেই। এই কারণেই এই স্লোগান গান্ধীবাদী নৈতিক আহ্বানের পাশেও আলাদা, বামপন্থী শ্রেণিস্বপ্নের পাশেও স্বতন্ত্র, বিপ্লবীদের আবেগময় আত্মত্যাগের তুলনায় আরও কঠিন, আর আবছা দেশপ্রেম মার্কা অন্ধ জাতীয়তাবাদের পাশে একেবারেই ভিন্ন। এটি শুধু আবেগের ডাক ছিল না—এটি ছিল স্বাধীনতার জন্য নির্মম মূল্যঘোষণা।

আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি বলতে আমরা বুঝি কথা না রাখার কথা । অবিরাম চিৎকার প্রতিশ্রুতির বন্যা । উন্নয়ন, ন্যায়, স্বাধীনতা—সবই যেন ফ্রি উপহার। সুভাষচন্দ্র বসু এই রাজনীতি করেননি। তিনি জানতেন, যে রাজনীতিতে দামের কথা চেপে রাখা হয়, সে রাজনীতি মানুষকে নাগরিক বানায় না—শুধুই শ্রোতা বানায়। আর শ্রোতা দিয়ে কোনও আন্দোলন দাঁড়ায় না।

জনগণকে অংশীদার না করতে পারলে বড় রাজনৈতিক সাফল্য আসে না। ঠিক যেমন গান্ধীজি লবণ সত্যাগ্রহের মাধ্যমে নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সব ধর্মের মানুষের কাছে স্বাধীনতার দাবিকে পৌঁছে দিতে পেরেছিলেন সকলের মধ্যে। তেমনি নেতাজির এই স্লোগানে—রক্তের উপস্থিতি—সমস্ত ভারতবাসীর কাছে এক গভীর ঐক্যের বার্তা নিয়ে এসেছিল। কারণ রক্তের কোনও ধর্ম হয় না রক্তের কোনও জাত নেই। তাই রক্ত শব্দটা সমগ্র ভারতবাসীর কাছে সর্বজনীন।

অনেকে এই বাক্যটিকে নিছক আবেগ প্রবন স্লোগান বলে উড়িয়ে দিতেই পারেন। কিন্তু ইতিহাসবিদ Sugata Bose তাঁর His Majesty’s Opponent গ্রন্থে দেখিয়েছেন, এটি কোনও মুহূর্তের উত্তেজনায় বলা কথা নয়। ১৯৪৩ থেকে ১৯৪৫—এই সময়ে সুভাষচন্দ্র বসুর ভাষণ, রেডিও বার্তা আর রাজনৈতিক ঘোষণাগুলির মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক ভাষা তৈরি হচ্ছিল, এই বাক্য ছিল তার সবচেয়ে সংক্ষিপ্ত ও শক্তিশালী প্রকাশ। এটি আবেগের বিস্ফোরণ নয়; এটি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফসল।এই ভাষার কেন্দ্রে রয়েছে একটি শব্দ—রক্ত।

প্রসঙ্গত স্লোগানের ভেতর রক্ত শব্দটার ব্যবহার খুব তাৎপর্যময় এখানে ঘাম নেই, চোখের জল নেই, কষ্টের কাব্যিক বর্ণনা নেই। আছে শুধু জীবনের ঝুঁকি। আধুনিক রাজনীতি বলে—মানুষ তখনই সত্যিকারের আন্দোলনে নামে, যখন সে জানে সে কী হারাতে পারে। সুভাষ চন্দ্র এই সত্যিটা লুকোতে চান নি আবার এই সত্যিটা সুভাষচন্দ্র কোনও বই বইয়ের পাতা থেকেও শিখে আসেননি । তিনি শিখেছিলেন বাস্তব রাজনীতির কঠিন অভিজ্ঞতা থেকে। তাই তাঁর ভাষা এত পরিষ্কার, এত নির্মম।

গান্ধীর ভাষায় ত্যাগ ছিল নৈতিক উচ্চতায়। সেখানে আত্মবলিদান পবিত্রতার রূপ নেয়। বামপন্থী রাজনীতিতে ব্যক্তির রক্ত ইতিহাসের চাকার তেল। বিপ্লবীদের কাছে আত্মত্যাগ বীরত্বের অলংকার। জাতীয়তাবাদী দের কাছে রাষ্ট্র এক দেবতা—যার নামে সব কিছু বৈধ।সুভাষচন্দ্র তার শ্লোগানের মধ্য দিয়েএই সব আচ্ছাদন সরিয়ে ফেললেন। তিনি সোজাসুজি বললেন তোমরা আমাকে—রক্ত দাও। অর্থাৎ, মরতেও পারো। আর তার বদলে যা পাবে, তা স্বাধীনতা। কোনও গ্যারান্টির গল্প নেই, কোনও নৈতিক আশ্বাস নেই। আছে শুধু এক নির্মম রাজনৈতিক চুক্তি।এই কারণেই তার ভাষায় কোনো মিনতি নেই, আত্মীয় তার ভান নেই।

আজকের রাজনীতিক নেতারা মতন কখনও বাবা, কখনও দাদা, কখনও ভাই হয়ে ওঠেন। সুভাষচন্দ্র সেই অভিনয় করেননি। তিনি নেতা আর সাধারণ মানুষ—দু’জনকেই একই ঝুঁকির জায়গায় দাঁড় করিয়েছিলেন। B. R. Nanda-র সম্পাদিত গবেষণাগুলি দেখায়, আজাদ হিন্দ ফৌজে মানুষের আস্থা তৈরি হয়েছিল এই কারণেই যে নেতা নিজেও সেই ঝুঁকির প্রথম দাবিদার ছিলেন।

এই ভাষা মানুষকে শুধু শুনতে শেখায় না—অংশ নিতে শেখায়। স্বাধীনতা এখানে কিছু পাওয়ার বিষয় নয়, কিছু হয়ে ওঠার বিষয়। এই মানসিক বদলই আজাদ হিন্দ ফৌজের আসল শক্তি। সামরিকভাবে তারা পরাজিত হলেও, এই ভাষাই ব্রিটিশ রাষ্ট্রকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। লন্ডনের National Archives-এ থাকা ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট লেখা ছিল—ভারতীয় সেনা বাহিনীর আনুগত্য আর নিশ্চিত নয়। এই ফাটল শুধুমাত্র বন্দুক দিয়ে তৈরি হয়নি। তৈরি হয়েছিল শব্দ দিয়ে।

প্রসঙ্গত ঐতিহাসিকরা মনে করেন নেতাজির এই আহ্বান ছিল গভীরভাবে ধর্মনিরপেক্ষ। কারণ রক্তের কোনও ধর্ম হয় না। আজ যখন রাজনীতি পরিচয়ের হিসেব কষে, তখন এই সত্য অস্বস্তিকর হয়ে ওঠে। বৃহত্তর প্রেক্ষাপটে Christopher Bayly ও Tim Harper তাঁদের Forgotten Wars গ্রন্থে দেখিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরে উপনিবেশ বিরোধী আন্দোলনগুলো কীভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে জড়িয়ে পড়েছিল। সেই প্রেক্ষাপটে আজাদ হিন্দ ফৌজ ছিল এমন এক রাজনৈতিক উদ্যোগ, যেখানে পরিচয়ের চেয়ে ঝুঁকিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

নেতাজির স্লোগান কোনও কথার কথা ছিল না। এটি ছিল একটি সময়ের ভাষা। সময়ের দাবি যে ভাষা জনতার ভেতরে আবাস গড়েছিল, নেতাজি সেই ভাষাকেই কণ্ঠে এনেছিলেন। তিনি জনগণের ভাষা বুঝতেন। কবি সুকান্ত বলেছিলেন—“রক্ত দিয়েই সব ঋণ করো শোধ!”

নেতাজি শুধু আহ্বান জানিয়ে থেমে থাকেননি। তিনি সেই আহ্বানকে জনমানসে জীবন্ত করে তুলেছিলেন—এক কঠিন, ভয়ংকর কিন্তু স্পষ্ট সত্য। এই ভাষা কোনও আলোকিত স্বপ্ন ছিল না, কোনও মায়াবী কল্পনা ছিল না। এটি ছিল বাস্তব রাজনৈতিক চুক্তি—আত্মত্যাগের হিসেব আর স্বাধীনতার বিনিময়।

এই জায়গায় এসে “করেঙ্গে ইয়া মরেঙ্গে” স্লোগানের সঙ্গে তুলনাটা জরুরি হয়ে ওঠে। গান্ধীর এই আহ্বান ছিল নৈতিক দৃঢ়তার ভাষা—এখানে “মরব” শব্দটি প্রতিজ্ঞা, কিন্তু তা অনিবার্য মূল্য হিসেবে ঘোষিত নয়। মরার সম্ভাবনা আছে, কিন্তু তা ফলাফলের শর্তে নয়। সত্যাগ্রহে মৃত্যু নৈতিকতার চূড়ান্ত প্রমাণ, রাজনৈতিক লেনদেনের হিসেব নয়। অন্যদিকে নেতাজির “রক্ত দাও” কোনও প্রতিজ্ঞা নয়, কোনও আত্মিক শুদ্ধতার পরীক্ষাও নয়—এটি সরাসরি রাজনৈতিক মূল্যতালিকা। এখানে মৃত্যু সম্ভাবনা নয়, ঝুঁকি—যাকে মেনে নিয়েই স্বাধীনতার দরজা খোলে। একটিতে নৈতিক উচ্চতায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে অটল থাকার আহ্বান, অন্যটিতে ইতিহাস বদলাতে ইচ্ছুক মানুষের সামনে নির্মম হিসেব। এই পার্থক্যই দেখায়, গান্ধীর ভাষা মানুষকে নৈতিক যোদ্ধা বানায়, আর নেতাজির ভাষা মানুষকে রাজনৈতিক অংশীদার করে তোলে

অসংখ্য রাজনৈতিক দল অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই স্বাধীনতার কথা বলেছিল। তখন ভারতের আকাশে বাতাসে বিভিন্ন দলের বিভিন্ন নেতার বিভিন্ন স্লোগান, বিভিন্ন এজেন্ডা। কিন্তু সেই স্লোগানগুলোর ভেতর কোথাও হিসেব ছিল না। কেউ বলেনি—এই স্বাধীনতার দাম কী। নেতাজি সেটাই বলেছিলেন। তিনি জনগণের মধ্যে স্বাধীনতা কে স্বপ্ন হিসেবে দেখাননি আবেগের বুদবুদ তৈরি করেননি , এমনকি দেবতা ও বানাননি। তিনি তার স্লোগানকে চুক্তিতে রূপান্তরিত করেছিলেন অর্থাৎ—রক্তের বিনিময়ে স্বাধীনতা।

এই স্পষ্টতাই তাঁকে সকলের থেকে আলাদা করে দেয়। এই নির্মম সততাই তাঁর শব্দগুলোকে আজও অস্বস্তিকর করে তোলে। কারণ আজও আমরা স্বাধীনতা চাই, অধিকার চাই, মর্যাদা চাই—কিন্তু হিসেবের জায়গায় এসে থমকে যাই। ঠিক এখানেই নেতাজির স্লোগান ইতিহাসে থামে না। এখানেই তা বর্তমান হয়ে ওঠে। নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন রেখে যায়—স্বাধীনতা চাইছ, নাকি শুধু তার গল্পেই নিজেকে সান্ত্বনা দিতে চাইছ?


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top