সাম্প্রতিক প্রকাশিত দুটি বই

book cover

সম্প্রতি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়ে গেল নিখিল কুমার চক্রবর্তীর লেখা “রেল যখন গল্প বলে” গ্রন্থ। রেল নিয়ে যেমন বাঙালির কৌতূহলের অন্ত নেই, তেমনি রেল নিয়ে বাংলায় বইয়ের সংখ্যাও নেহাত কম নয়। তবুও এই বইটির কথা পাঠককে আলাদা করে মনে রাখতেই হবে। কারণ, এই বইতে আছে রেলের অনেক অজানা ইতিহাসের খোঁজ এবং রেলকে জড়িয়ে-ছড়িয়ে থাকা প্রচুর গল্পের সংকলন। যেদিন প্রথম দুটো লোহার পাতের ওপর দিয়ে ট্রেন ছুটতে শুরু করেছে সেদিন থেকেই এইসব গল্পের জন্ম। গল্পগুলোর মধ্যে কতটা গুজব, কতটা মিথ বা কতটা বিশ্বাস মিশে আছে তা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু গল্পগুলো যে আকর্ষণীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বইতে আরও আছে, সাহিত্যিক তথা মনীষীদের জীবনে কেমন করে রেল জড়িয়ে আছে এবং সাহিত্যে-গানে রেল সেই আদি লগ্ন থেকে কেমন করে জায়গা করে নিয়েছে তার অন্বেষণ। এক কথায় “রেল যখন গল্প বলে”-তে রেলের ইতিহাস লিপিবদ্ধ হয়নি, হয়েছে ইতিহাসের গল্প বলা। এখানেই শেষ নয়। রেলের বিভিন্ন পদে লেখকের সুদীর্ঘ চল্লিশ বছরের চাকরিজীবনের অনেক অভিজ্ঞতার গল্পও লিপিবদ্ধ হয়েছে এই বইতে।

rail

বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী প্রকাশিত ২৪৮ পাতার এই বইয়ের প্রচ্ছদ করেছেন সোমজিৎ হালদার। নিঃসন্দেহে এমন প্রচ্ছদ পাঠকের দৃষ্টিকে টেনে আনে। মুদ্রণ এবং অলংকরণও খুব সুন্দর। এককথায় “রেল যখন গল্প বলে” এক কমপ্লিট পরিবেশন।

binodini

নিখিল কুমার চক্রবর্তীর লেখা “রঙ্গালয়ে বিনোদিনী” বিনোদিনীর জীবননির্ভর এক অন্য ধরনের উপন্যাস। এক পতিতাপল্লীর দৈনন্দিন জীবনের আখ্যান থেকে এই উপন্যাসের উত্তরণ ঘটেছে স্টার থিয়েটারের মঞ্চে। বিনোদিনী তাঁর নিজস্ব যাপনে কেমন ছিলেন, মাত্র এগারো বছর বয়সে থিয়েটারের মঞ্চে আসার পর কেমন করে তিনি “মঞ্চসম্রাজ্ঞী” খেতাবের অধিকারী হয়ে উঠলেন, কী দেখেছিলেন গিরিশ ঘোষ তাঁর মধ্যে, চৈতন্যলীলায় তাঁর অভিনয় সবার প্রশংসা কুড়োলেও মাত্র তেইশ বছর বয়সে কেন তিনি মঞ্চ ত্যাগ করলেন—এই সব ঘটনার ওপর লেখকের কল্পনার উপাদান মিশে এক অনবদ্য উপন্যাসে পরিণত হয়েছে “রঙ্গালয়ে বিনোদিনী”। পাঠক এই বইতে ইতিহাস পাবেন না এমন নয়, তবে তা পরিবেশিত হয়েছে অন্য আঙ্গিকে, লেখকের কল্পনায় জারিত হয়ে। নিঃসন্দেহে, এ এক বিরল উপন্যাস। বইয়ের আকর্ষণীয় প্রচ্ছদ এবং ঝকঝকে মুদ্রণ বইয়ের শোভা বাড়িয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

প্রকাশক : শরৎ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১৩২
মূল্য : ২৭৫ টাকা


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top