ঝিলম ত্রিবেদী

photography, howard carter, egypt, glass plate negative, antique photo, darkroom, black and white, photography, darkroom, darkroom, darkroom, darkroom, darkroom

মাঠে সর্ষের ক্ষেত
আর কিছু ফুল
যেন ঝোরা ঝরঝর
মঞ্চীর দুল

ভীমদাসটোলা হতে
গান ভাসে লয়ে
হাঁসুলির মতো বাঁকা
চন্দ্র উদয়

আপনি আচরি গীত
রৌদ্রে শেখায়
রোদের মধ্যে যেন
কেউ পুড়ে যায়

স্বামীন নামক বর
বুড়ো করতাল
মেয়েটি তরুণী
তার মত্ত দামাল

স্তন ভরে গাইয়ের
মতন সুবাসে
জঙ্ঘায় পূর্ণিমা
রাস ঘিরে আসে

দোল খায় চুল তার
এলো এলো মুখ
বুড়োর বাউণ্ডুলে
অনর্থ সুখ

বুকে ধরে, ঝিম লাগে
মরণের পায়ে
মঞ্চীর তীর হতে
নীড় ভেঙে যায়

আকুড়া মাকুড়া তিথি
অদৃশ্য তাপ
মেয়েটির ব্যথা বোঝে
দুঃখের সাপ

সকালে অরন্ধন
বিকালে ফকির
আশমানে মেঘ করে
জমে ওঠে ভিড়

সকলে নিশীথ পালে
পেটের ভিতর
বুনোঝাউ কড়ি গোনে
শূন্যের ‘পর

বাতাসে হুতাশ বাজে
বাজে নিশিডাক
ধনুকের মতো বাঁকা
শিউলির ঝাঁক

বসেছে শুভঙ্করী
টোল বসেছে যে
হাওয়ার নিদ্রা আসে
ছাত্রের বেশে

বিদ্যুতে বিদ্যুতে
ফালা হয় ঘর
অরণ্য থেকে ভাসে
পুষ্পের স্বর


মঞ্চী, শরীর তার
অস্ত্রের মতো
রেখেছে সে তূণে ঢেকে
বিধাতার ক্ষত

পালিয়ে পালিয়ে যায়
পায়ের ঘুঙুর
কাঁটায় ছিঁড়িয়া যায়
উদাস সুদূর

অভিসার লাগি নারী
থরথর কাঁপে
আকাশে বাতাসে রুখা
আলোর প্রতাপে

ছুটে চলে কাণ্ড জ্ঞান
ছুটে চলে খেয়া
ফুলকিয়া বইহারে
ফুটে ওঠে কেয়া

ফুলের মতন শিশু
নাগপাশে বাঁধা
রাত্রি তাহার নাম
তাহার বারতা

নিয়ে

ছুটে চলে শূন্যতায়

বি ভূ তি ভূ ষ ণ

আঁধারের রথে ছোটে

ম ঞ্চী র ম ন

মোহনবাঁশির মেয়ে আয়নায় দোলে

গাঙ্গোতার ঘর ভাঙে, শিশুর কানাত

টুলটুলে জল থেকে শৈশব তোলে

মুখে দেয় সিঁদুরের গোগ্রাস ভাত…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top