শীলা বিশ্বাসের কবিতা

গেরুয়া বসনে ধ্যানরত বৌদ্ধ ভিক্ষু, নীরবতা ও সংযমের প্রতীকী দৃশ্য

চীবরকথা

সূচ ও স্তব্ধতা লিখে রাখে চীবরকথা
ধ্যানবৃত্তে পীতসুতো ঝরাপাতা রং

ভিক্ষুর সংযম আর গৃহিণীর শোক
সংঘাটির ভাঁজে জমে থেরী-গাথার স্তূপ

ধর্মরেখায় গেরুয়া বসন কোমল ধৈবত
অন্তরবাসকের নিচে বর্ণহীন রাত্রি

করোটিতে ঘাই মারে মনের পিশাচ
কাঁটার সিঁড়ি বেয়ে নামে মৃত্যু ও জড়া

রিরংসা, কালো সাপ জড়িয়ে রাখে জিভ
প্রজ্ঞার সারাৎসার গলিত চাঁদের অঞ্চলে

স্থির লবনের জলবিহার আর ব্রতস্বর 
তীর্থতটে নীরব অশ্রু ফেলে যায় 

বোধিবৃক্ষের ছায়ায়
ঘুঙুর খুলে রেখেছি আজ

নিস্তব্ধতা ভেঙে কেঁপে ওঠে শাখা
চৈতন্যপথে শুনব ঈশ্বরী কথা 

দীক্ষা দাও তথাগত
সমারোহ ছেড়ে এসে পেতেছি করতল

ক্ষতের উপর লোধ্ররেণুর শান্ত প্রলেপ 
কথাকলিতে বিলীন হোক দগ্ধতা

ভাণ্ডে ব্রহ্মাণ্ডে আসন পাতা
অখণ্ডে ঋতুখণ্ডে সৌরবীজের দীপ্তি

প্লাবন পেরিয়ে উপশমের দিকে 
দিব্যচক্ষু খুলে অর্হতা দাও বাদক 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top