নিবিড় সাহার কয়েকটি কবিতা

exhaustion and emptiness in a dim room

টেনিওর

কিছুটা সময়…

ক্যালেন্ডারের কয়েকটা পাতা…

তারপর গন্তব্যে।

কত কথা,
               মাটি,
                      মেঘ,
                              রঙ
আমরা শুনেছি,দেখেছি, মেখেছি একসাথে।

কি আশ্চর্য দ্যাখো
এর পর হয়তো দেখা হবে অন্য কোথাও
অচেনা, পরিচয়হীন।

যেটুকু সময় আছে হাতে
এসো, মিলে মিশে অন্তত কিছুটা ফসল ফলাই।।

পলক

তোমার কাছেই শুধু পরাধীন হই বারবার
শব্দহীন সবাইকে যেন অন্য গ্রহের বলে মনে হয়
দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখেছি
কেউ নেই, কিছু নেই, মাটি আর মহাশূন্যের মাঝে
ইট, পাথর, উদ্ভিদ ধূলিকণা সব,
সবই তোমার কাছে বশ্যতা করেছে স্বীকার।

সারাদিন চাবুক হাতে ঘোড়া ছোটানো মানুষটি
কতটা কাঙাল তার বালিশের কাছে?
যতটা গৃহহীন, প্রেমহীন ঘরে ফেরা ক্লান্ত ভিক্ষার ঝুলি
কেউ নেই, কিছু নেই মাটি আর মহাশূন্যের মাঝে
শুধু, একাকি একজোড়া পরাধীন চোখ
তোমার কাছে ছাড়পত্র চেয়ে হাত পেতে থাকে।

এমনই তোমার যাওয়া

এমনই তোমার যাওয়া
কতবার আমি বন্ধ করেছি মুঠো
ফন্দি এঁটেছি বন্দি করে রাখার,
প্রতিবারই তুমি ফাঁকি দিয়ে গেছো শেষে
ফেলে রেখে গেছো চরণ চিহ্ন কিছু।

যত্ন করে তুলে রাখা আছে স্নেহের চিহ্ন যত,
ক্ষত চিহ্নরা রেশম পোকার গুটি,
কবে, কোথায়, কখন হবে ছুটি
তাও তো হবে তোমার থেকেই পাওয়া।

শুরুর থেকে সুদূর সে প্রান্তরে
এমনই তোমার আগুন ছুঁতে যাওয়া।


2 thoughts on “নিবিড় সাহার কয়েকটি কবিতা”

  1. অমিত মারিক

    আবর্ত আবর্তক হারে বাড়তে থাকুক সৃজনের পথ ধরে ।

  2. অমিত মারিক

    আবর্ত আবর্তক হারে সৃজনের মধ্যে দিয়ে বাড়তে থাকুক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top