হীরে মানিক
১
খনন কাজ চলছে বহুদিন ধরেই
শুনেছি হীরে পাওয়া যাবে
গাঁয়ের লোকেরা বলাবলি করছে
ঘড়া ঘড়া হীরে
গাঁইতিতে শুধু ‘ঠঙ’ শব্দের অপেক্ষা।
২
এই উৎসবে কোনো গর্ভধারণের সম্ভাবনা নেই
নেই অপারেশন রুমে ছুটে যাওয়া স্ট্রেচার
লেবার পেইনের কোনো আর্তনাদ শোনা যায়না
শুধু একটি নাগরদোলা
নিস্তরঙ্গ ঘুরে চলেছে
অ্যান্টিক্লকওয়াইজ।
৩
বহু গভীর পর্যন্ত খুঁড়ে দেখেছি
কোনো ঘড়া পাইনি
শুধু একটি শীলনোড়া
আর মেয়েমানুষের কঙ্কাল।
গাঁয়ের লোকেরা ভালোই বুঝে গেছে
এখানে বহুযুগ ধরেই
অসভ্যতা মজুত আছে।
৪
খোড়া জায়গাটা মাটি ফেলে বুজে দিয়েছে
গাঁয়ের লোকেরাই।
সেখানে একটা পাকুড়চারা পুঁতে দিয়েছে মানিক।
ধীরে ধীরে পাতা গজাচ্ছে চারায়
ধীরে ধীরে শাখা ছড়াচ্ছে গাছ
ধীরে ধীরে ছায়া ঘনাচ্ছে পাকুড়ে।
৫
কুড়িফুট জায়গায় ছায়া বিছিয়ে রেখেছে
পাকুড়গাছটি। সেখানে মাদুর পেতে
কুটনো কাটছে মানিকের মা।
কয়েক কিলো টাটকা মাংস ধুয়ে রাখছে
মানিকের বাপ।
আজ চড়ুইভাতি। তাই শীলনোড়ায় যত্ন করে
মশলা বেটে রাখছে জোসনা নামে মেয়েটি।।



