আশ্রয়
জলে ঝাঁপ দিতে বলেছিলে
বলেছিলে নিয়ে এসো পদ্ম বীজ
অথচ সাঁতার কাটতে বল নি
বল নি জীর্ণ দেউলে মালা গাঁথা হবে
সে মালা দেখা হল না কোন দিন
আভিজাত্য থাকল না কিছু
নদী তটে যেমন অবহেলা মাখা পড়ে থাকেন
পূজিত দেবতা – বৃষ্টিতে গলে যান
তবু কেউ তাঁকে প্রকৃত জলের সন্ধান দেয় না
আসলে জল বলে কিছু নেই
যাকে জল ভাবি সে ও
মেঘের আশ্রয় খুঁজে মরে



