বয়েসের দোষ
বয়স বলেছে যত পারো হেঁটে নাও আত্ম মুখে
এখানে কোন বাধা নেই মন ঈষৎ স্বচ্ছ সব গলি,
হারিয়ে যাওয়া কিছু আগেই প্রকাণ্ড এক তাড়নায়,
এইতো পিঠ পেতে আকাশ ছুঁয়েছি তারার আলোয়
মেঘেদের বুক চিরে খুঁজে নিয়েছি পবিত্র কনকাঞ্জলি।
ছোট ছোট ব্যথা পিনের মত ফুটছে যেন আস্তিনে
কত অবুঝ কথা চালাচালি, অহেতুক অস্ত্রে শান,
আসলে মুঠো করে তুলে নেওয়া অন্নের মতো ক্ষুদ্র
সেই ছিল আরও ছিল আমাদের মিথ্যে কলরব,
একদিন মুঠো খুলে ঝরে যায় বিগত সফরের ঘ্রাণ।
এখন মনের দরজা হাটখোলা তবুও সে অন্ধ মন ,
যারা ভালোবেসেছিল অথচ পায়ে পায়ে অদৃশ্যপ্রায়
দেয়াল জুড়ে শুধু রেখেছে জলছাপ, সোহাগের দাগ
সেই আজ কোলপোছা আশ্রয়, আর বেশি কিছু নয়
বয়স বলেছে আজ চুরি হয়ে গেছে সব অমূল্য সময়।



